June 8, 2026, 11:40 am
শিরোনাম :

ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নয়ন মিয়া

কুড়িগ্রাম সদরের ডায়াবেটিস মোড় এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে বেহাল রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে তারা সড়কে বেঞ্চ ফেলে অবরোধ কর্মসূচি শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় ধুলাবালির প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এতে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার পাশাপাশি দোকানপাট ও বসতঘরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবরোধকারীরা জানান, ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা নেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। তারা দ্রুত সড়কের কাজ সম্পন্ন ও ধুলা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে। তবে স্থানীয়রা জানান, সমস্যার কার্যকর সমাধানের আশ্বাস ও বাস্তব পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ ঘটনায় সড়কটিতে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার