June 8, 2026, 11:40 am
শিরোনাম :

গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ

সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনির ঘটনায় তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় ধস্তাধস্তির সময় আহত হয়েছেন এক গৃহকর্তা।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রাজিব (৪০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা হাকিম আলী তাদের একজনকে আটক করার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মারধর করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এ সময় ধস্তাধস্তিতে আহত হন গৃহকর্তা হাকিম আলী (৫০)। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির চেয়ে চুরির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার