August 12, 2026, 5:12 pm
শিরোনাম :
মুক্তির আগেই ২০ হাজার টিকিট বিক্রি ইমরান হাশমি ও দিশা পাটানির সিনেমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির গরুর ফার্মে নকল সিগারেট কারখানা, জব্দ ২ কোটি টাকার মালামাল তানিয়া হত্যা: স্বামীর জবানবন্দিতে রহস্য উদঘাটন, গ্রেপ্তার সোহাগ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর লাইসেন্সবিহীন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় সাবেক সহকর্মী আটক হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট, চার বছর ধরে পড়ে নষ্ট ভারতের উপহার ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

তানিয়া হত্যা: স্বামীর জবানবন্দিতে রহস্য উদঘাটন, গ্রেপ্তার সোহাগ

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার নামে এক নারী হত্যার ঘটনায় তার স্বামী সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, পারিবারিক অভাব-অনটন ও আর্থিক বিষয় নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে তানিয়াকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা সোহাগকে প্রায় দুই সপ্তাহ পর প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ। তিনি জানান, গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, গত ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে সংসারের আর্থিক সংকট নিয়ে তানিয়া ও সোহাগের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সোহাগ তানিয়ার গলা চেপে ধরলে তার মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে। পরদিন সকালে মরদেহ ঘরে রেখেই তানিয়ার নাক থেকে স্বর্ণের নাকফুল খুলে নেন সোহাগ। পরে ঘরে তালা লাগিয়ে চাবি তানিয়ার খালা নাছিমা আক্তারের কাছে দিয়ে আত্মগোপনে চলে যান।
২৬ জুলাই তানিয়ার কর্মস্থলে গিয়ে নাছিমা জানতে পারেন, ওই দিন তিনি গার্মেন্টসে যাননি। পরে বাসায় গিয়ে তালাবদ্ধ ঘরে তানিয়ার মরদেহ দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ ঘটনায় নাছিমা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পিবিআই জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তানিয়া ও সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা পরিবারের মতের বাইরে বিয়ে করেন। বিয়ের পর আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ার পর ১০ আগস্ট তদন্ত শুরু হয়।
প্রযুক্তিগত বিশ্লেষণে প্রথমে ঢাকার বিভিন্ন এলাকায় সোহাগের অবস্থান শনাক্ত হলেও কয়েক দফা অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন সোহাগ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার