March 7, 2026, 9:14 pm

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড,অবৈধ অস্ত্রের প্রভাব ভয়াবহ

Reporter Name

শেখ রাজু আহমেদ, খুলনা

খুলনা মেট্রোপলিটন এলাকায় সাম্প্রতিক কয়েক মাসে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, ছিনতাই, মাদককারবার ও সংগঠিত অপরাধ বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। নগরবাসীর অভিযোগ, অপরাধ চক্রের দৌরাত্ম্য ও অবৈধ অস্ত্রের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে শহরজুড়ে অস্বাভাবিক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে খুলনা আদালত প্রাঙ্গণে সংঘটিত জোড়া খুনের ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা পরিস্থিতিকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে।
এ পরিস্থিতিতে কেএমপি কমিশনার (ডিআইজি) জুলফিকার আলী হায়দারকে তার পদ থেকে সরিয়ে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে নতুন কেএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত সোমবার ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নগরবাসীর আশা, নতুন কমিশনার দায়িত্ব গ্রহণের পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি সুদৃঢ় ও কঠোর অভিযান শুরু হবে এবং অপরাধচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার