
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসে আজ সোমবার (২৫ মে) প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩ জন। আর ভোটের আগেই বিনা লড়াইয়ে নির্বাচিত হলেন ৮ পরিচালক।
বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটেগরি-২ থেকে ১২টি এবং ক্যাটেগরি-৩ থেকে একটি। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হবেন আরও দুজন।
ক্যাটেগরি-১-এ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একটি করে পরিচালক পদ রয়েছে। এর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে শুধু দুটি বিভাগে, খুলনা ও বরিশালে।
প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। ফলে এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
এই ক্যাটেগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন।
আর খুলনা বিভাগে দুটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন— খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম।
বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও এই ক্যাটেগরি থেকে নির্বাচন করবেন।
এই ক্যাটেগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন— ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।
ক্যাটেগরি-৩-এ একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। যার ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছেন বিসিবিতে। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হওয়া চট্টগ্রামের এই সংগঠক নাজমুল হাসান পাপন প্রথম মেয়াদে সভাপতি থাকাকালেও পরিচালক ছিলেন।