
আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, প্রশ্নফাঁস বা পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তিযোগ্য অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার মান নিশ্চিত করতে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে অনিয়ম ও প্রশ্নফাঁস রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় পরীক্ষা পরিচালনার বিষয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি কাজ করছে। এছাড়া ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনার জন্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন