July 25, 2026, 9:38 pm

এবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মাস আগে বাবাকে হারান। এর আগে তার মা ও প্রথম স্ত্রী মারা যান। তিনি দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।



ফেসবুক কর্নার