July 27, 2026, 10:31 pm

সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকির ভেতর থেকে ৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের নেতৃত্বে এসআই মোহন দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশুর নাম আমির হামজা (৮ মাস)। সে লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।
পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—লালপুর গুচ্ছগ্রামের মৃত নুর মিয়ার ছেলে মণির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মণির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) এবং জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা সাবিকুন নাহার ঘুমন্ত শিশুটিকে তার বাবার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান। সকাল ৭টার দিকে শিশুটির বাবা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে সন্তানকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া সেফটি ট্যাংকির কাছে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হন এবং পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটির বাবার সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার