August 5, 2026, 7:39 pm
শিরোনাম :

কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী সুমন চন্দ্র রায় ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার বাসিন্দা ও একজন ওষুধ ব্যবসায়ী। তিনি ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। তার দাবি, তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন এবং কোনো কিস্তি বকেয়া ছিল না। এরপরও গত ৩০ জুলাই ইএসডিওর কয়েকজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে একটি গরু নিয়ে যান এবং একসঙ্গে পুরো ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেন।
এ ঘটনায় সাধারণ ঋণগ্রহীতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, কিস্তি আদায়ের নামে গ্রাহকের গবাদিপশু নিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।
স্থানীয় মুদি দোকানি ছানোয়ার হোসেন বলেন, সুমনের ব্যবসা রয়েছে এবং তিনি পালিয়ে যাচ্ছিলেন না। সবার সামনে জোর করে গরু নিয়ে যাওয়া ঠিক হয়নি, বিশেষ করে যখন তার কোনো কিস্তি বকেয়া ছিল না।
ভুক্তভোগী সুমন চন্দ্র রায় বলেন, ঋণ পরিশোধের জন্য তার আরও সাত মাস সময় ছিল। তবুও তাকে তাৎক্ষণিকভাবে পুরো টাকা দিতে চাপ দেওয়া হয়। তিনি জানান, তার কাছ থেকে নিরাপত্তা হিসেবে চেকও নেওয়া রয়েছে। এরপরও গরু নিয়ে যাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘটনার ছয় দিন পরও গরুটি ইএসডিওর শান্তিনগর শাখা কার্যালয়ের মাঠে রাখা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ও শাখা ব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে শান্তিনগর শাখার এক কর্মচারী বলেন, গ্রাহক অন্যত্র চলে যাচ্ছেন—এমন তথ্য পাওয়ায় গরুটি অফিসে এনে রাখা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ইএসডিওর এরিয়া ম্যানেজার মিতালি বলেন, ঘটনাটি ঘটেছে। বিষয়টি সম্পর্কে শাখা ব্যবস্থাপক বিস্তারিত জানাতে পারবেন। তিনি আরও বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনলেই বিষয়টি পরিষ্কার হবে এবং সমাধানের চেষ্টা চলছে। তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে গ্রাহক অন্যত্র চলে যাচ্ছিলেন।



ফেসবুক কর্নার