ভালোবাসার মানুষকে দেখলে কিংবা তার কথা শুনলে মুখের হাসি আর আবেগের রাশ টেনে ধরা কঠিন। বিজ্ঞানের ভাষায়, অ্যাড্রিনালিন হরমোনের প্রবাহে চেহারায় যে পরিবর্তনের কথা বলা হয়- তারই যেন এক বাস্তব রূপ দেখা গেল বলিউড তারকা নোরা ফাতেহির চোখে-মুখে। মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই লজ্জায় লাল হয়ে গেলেন এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে নোরার। একাধিকবার তাদের একসঙ্গে দেখাও গেছে। তবে বিষয়টি নিয়ে এতদিনে মুখ না খুললেও অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি।
সম্প্রতি দুবাইয়ের বিখ্যাত ‘ভার্জিন রেডিও’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নোরা। সেখানে সঞ্চালক ফুটবলার ইয়াসিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করতেই মুখে চওড়া হাসি আর লজ্জায় রাঙা হয়ে ওঠেন তিনি। লজ্জামাখা হাসিতে নোরার স্পষ্ট জবাব, “ওহ, হ্যাঁ! সে আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি, সে একজন অসাধারণ মানুষ।”
সঞ্চালক যখন নোরার এমন লাজুক রূপ দেখে কৌতুক করে লজ্জা পাওয়ার কারণ জানতে চান, তখন অভিনেত্রী আবারও ইয়াসিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি সবসময় তার সাফল্য উদযাপন করি।”
আলাপচারিতার এক পর্যায়ে অনুষ্ঠানের সহসঞ্চালক প্রীতি মালিক মন্তব্য করেন, “আমার মনে হয়, আপনাদের দুজনকে জুটি হিসেবে দারুণ মানাবে!” এই কথা শোনার পর নোরার লজ্জা যেন আরও বেড়ে যায়। কিছুটা সামলে নিয়ে নোরা জানান, ইয়াসিন বুনুর সঙ্গে তার পরিচয় অনেক দিনের হলেও, বিগত কয়েক মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ আবার নতুন করে শুরু হয়েছে।
সম্প্রতি নোরা ও মরক্কোর এই তারকা গোলরক্ষককে কাসাব্লাঙ্কার ‘এইন ডিয়াব’ এলাকায় একসাথে ঘুরতে দেখা যায়। শুধু তা-ই নয়, ‘আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)’ ফুটবল ম্যাচ দেখতে মরক্কো পর্যন্ত ছুটে গিয়েছিলেন নোরা। গ্যালারিতে বসে বিশেষ মানুষের খেলা উপভোগ করার পর থেকেই তাদের প্রেমের খবর নেটদুনিয়ায় তীব্র গতিতে ছড়ায়। যদিও নিজেদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার করেননি দুজনের কেউই, তবে রেডিও শোয়ের ভাইরাল এই ভিডিও ক্লিপ যেন ভক্তদের সন্দেহের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে।
নোরা ফাতেহির মা-বাবা মরক্কান হলেও তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন ভারতকে এবং নিজেকে ‘মরোক্কান’ হিসেবে পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ‘বিগ বস’ রিয়েলিটি শো দিয়ে ভারতীয় শোবিজে যাত্রা শুরু করা নোরা ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র মতো সিনেমার দারুণ সব আইটেম ড্যান্সে ঝড় তুলে পরিচিতি পান। বর্তমানে হিন্দি, কন্নড় ও তামিল ভাষার একাধিক বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গ্ল্যামার কন্যা।