August 13, 2026, 9:37 am

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। গত শনিবার থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের সোহাগ খানের মেয়ে লায়লার সঙ্গে একই ইউনিয়নের হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে দুবাইপ্রবাসী আমিন খানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিন দেশে থাকা অবস্থায় এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে সম্প্রতি আমিন বিয়েতে অস্বীকৃতি জানালে লায়লা তার বাড়িতে গিয়ে অবস্থান নেন।
লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের আশ্বাসের ভিত্তিতেই তার মেয়ের সঙ্গে আমিনের সম্পর্ক গড়ে ওঠে। এখন বিয়েতে অস্বীকৃতি জানানোয় বিষয়টির সুষ্ঠু সমাধান চান তারা। তিনি আরও জানান, স্থানীয় সর্দার ও মাতব্বরদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও এখনো সমাধান হয়নি।
আমিনের বড় ভাই আজমল খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে বর্তমানে আমিন বিয়েতে সম্মতি দিচ্ছেন না। তিনি আরও জানান, তরুণীকে ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ না নিতে স্থানীয়রা সতর্ক করছেন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ-বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নাসিরনগর থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির ওপর।



ফেসবুক কর্নার