August 15, 2026, 10:45 am

৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন

আহসান হাবীব বাপ্পী, বিশেষ প্রতিনিধি

 

যশোর-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাজারে জনপ্রিয় ‘বেবি সুইটস’ ব্র্যান্ডের ৫ টাকার মিনি প্যাকেট চানাচুর নিয়ে এবার গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি যে চানাচুর ও খাদ্যপণ্য বাজারজাত করছে, তার ৫ টাকার মিনি প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, নির্দিষ্ট ওজন ও মূল্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না। ফলে ভোক্তাদের মধ্যে পণ্যটির মান, নিরাপত্তা ও সংরক্ষণকাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
একটি খাদ্যপণ্য বাজারজাত করার ক্ষেত্রে প্যাকেটের গায়ে প্রয়োজনীয় তথ্য না থাকা শুধু ভোক্তার বিভ্রান্তির কারণ নয়, বরং পণ্যটি কতদিন আগে উৎপাদিত, কতদিন পর্যন্ত খাওয়ার উপযোগী এবং নির্ধারিত পরিমাণে পণ্য দেওয়া হয়েছে কি না—এসব প্রশ্নেরও জন্ম দেয়। বিশেষ করে ‘বেবি সুইটস’-এর মতো নিয়মিত বাজারজাত হওয়া চানাচুরের ক্ষেত্রে এমন তথ্যের ঘাটতি আরও উদ্বেগজনক বলে মনে করছেন ক্রেতারা।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, ছোট প্যাকেট বলে খাদ্যপণ্যের মৌলিক তথ্য বাদ দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তারা বলছেন, প্যাকেট খুলে পণ্যটির প্রকৃত মান যাচাই করা সাধারণ ভোক্তার পক্ষে সম্ভব নয়। ফলে উৎপাদন ও মেয়াদের তথ্য না থাকলে নিম্নমানের, দীর্ঘদিন সংরক্ষিত বা অনুপযুক্ত খাদ্যপণ্য বাজারজাত হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্ত জরুরি।
অভিযোগের আরও একটি দিক হলো, বড় প্যাকেটে কিছু তথ্য থাকলেও খুচরা বাজারে বিক্রি হওয়া ৫ টাকার মিনি প্যাকেটে তা দৃশ্যমান নয়। বড় প্যাকেটের তথ্যের ভিত্তিতে ছোট প্যাকেট বাজারজাত করা হচ্ছে কি না, নাকি আলাদাভাবে তথ্যবিহীন প্যাকেট উৎপাদন করা হচ্ছে—এ নিয়েও প্রশ্ন উঠেছে।
এর আগে জাতীয় দৈনিক অভয়নগরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও বাজারে ‘বেবি সুইটস’-এর এসব মিনি প্যাকের বিক্রি বন্ধ হয়নি বলে ক্রেতাদের অভিযোগ। এতে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও দায়িত্বশীলতার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে।
ভোক্তাদের দাবি, বেবি সুইটসের মিনি প্যাকেটের নমুনা সংগ্রহ করে উৎপাদনপ্রক্রিয়া, খাদ্যমান, উপাদান, ওজন, মোড়কজাতকরণ এবং মেয়াদসংক্রান্ত তথ্য যাচাই করা হোক। অভিযোগ সত্য হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজারে থাকা অনিয়মপূর্ণ পণ্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। অভিযোগের সকল তথ্য-প্রমাণ আমাদের বার্তা বিভাগে সংরক্ষিত। বেবি সুইটসের খাদ্যপণ্যের প্রকৃত মান ও উৎপাদনপ্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্ব দেখতে চোখ রাখুন জাতীয় দৈনিক পত্রিকায়



ফেসবুক কর্নার