August 17, 2026, 3:08 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু

ইমরান আহমদ, দিরাই উপজেলা প্রতিনিধি

ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে ১১ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার আটজন রয়েছেন। লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি রাবার নৌকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে নৌকাটি। তাঁদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, যাত্রার কিছুক্ষণ পর নৌকাটি ঝড়ের কবলে পড়ে। এতে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই তাঁরা সাগরে ভাসতে থাকেন। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে তাঁরা সাগরে আটকা পড়েন।
টানা নয় দিন সাগরে ভেসে থাকার পর স্রোতের টানে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন শান্তিগঞ্জের পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম জানান, খাবার ও পানির অভাবে তাঁদের চোখের সামনেই কয়েকজন মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে জীবিতদের শারীরিক অবস্থাও গুরুতর হয়ে পড়ে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও নিখোঁজদের মধ্যে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের সানোয়ার রহমান, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের জুয়েল আহমদ টিপু (২৫), গন্ধর্বপুর গ্রামের হাবিব উল্লাহ (২৪), শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খাঁন, রিপন মিয়া, মামুন খাঁন এবং রনসী গ্রামের মো. তালহা রয়েছেন।
এ বিষয়ে মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দূতাবাস।
স্থানীয় পুলিশের তথ্যমতে, মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিরা সুস্থ হয়ে উঠলে মিশরের আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে সুনামগঞ্জের নিখোঁজ যুবকদের বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, গ্রিসে যাওয়ার পথে এলাকার কেউ নিখোঁজ হয়েছেন—এমন কোনো তথ্য থানায় পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে সুনামগঞ্জের চারজন মিশরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৮ মার্চ লিবিয়া থেকে রাবারের নৌকায় গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যু হয়। ওই ঘটনায় জগন্নাথপুর থানায় দালালদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।



ফেসবুক কর্নার