
দিনাজপুরের বীরগঞ্জে নিজের ছোট মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সেলিম নামে এক সাউন্ড ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সাটাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার সেলিম ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে ‘সেলিম সাউন্ড’ নামে সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন। অভিযোগের পর তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার ছোট মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ ওঠে। মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় কয়েকজনের দাবি, সেলিম প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। তার বড় মেয়েকেও এর আগে একই ধরনের আচরণের শিকার হতে হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ঠাকুরগাঁওয়ের সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মহলেও সেলিমের বিরুদ্ধে সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও অসদাচরণের অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা সাউন্ড সিস্টেম ও মালিক সমিতির সভাপতি আলী হোসেন এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তারা বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।