কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ
ইসমাইল হোসেন
Update Time :
Friday, August 21, 2026
/
15 Time View
/
Share
বিয়ের কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর অধীন ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ঘ’ ফরমের বর্তমান কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাকের নিবন্ধন, বিবাহবিচ্ছেদের কার্যকর তারিখ, চলমান বৈবাহিক মামলা এবং বিদ্যমান সন্তানের তথ্য যথাযথভাবে উল্লেখ ও যাচাইয়ের ব্যবস্থা নেই। এতে পূর্ববর্তী বৈবাহিক সম্পর্ক, সন্তান এবং ভরণপোষণ বা অভিভাবকত্বসংক্রান্ত দায় গোপন করে নতুন বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে কাবিননামা সংশোধন করে উভয় পক্ষের আগের ও বর্তমান বিয়ের তথ্য, সংশ্লিষ্ট স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাকের তারিখ, স্থান ও নিবন্ধন নম্বর এবং বিবাহবিচ্ছেদের কার্যকর তারিখ উল্লেখ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সন্তানের তথ্য ও তাদের বিষয়ে চলমান ভরণপোষণ, অভিভাবকত্বসহ আইনগত দায়ের ঘোষণা রাখার কথা বলা হয়েছে। বিদ্যমান বিয়ে থাকা অবস্থায় নতুন বিয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী সালিশ পরিষদের লিখিত অনুমতির নম্বর ও তারিখ কাবিননামায় যুক্ত করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিবাহ ও তালাকের নথি এবং সংশ্লিষ্ট দলিল যাচাইয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।