
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আকাশের একটি ছবি প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে মনের কিছু আকুতি তুলে ধরেন তিনি। তবে পোস্টে কারও নাম উল্লেখ না করায় কাকে উদ্দেশ্য করে তিনি এমন কথা বলেছেন, তা স্পষ্ট নয়।
পোস্টে সুনেরাহ লেখেন, মহান আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন—এমন বিশ্বাসের কথা তিনি বারবার উপলব্ধি করেছেন। এরপর এমন মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য প্রার্থনা করেন, যারা অন্যকে ধ্বংস করে, মানুষের হৃদয়ে পচন ধরায় কিংবা মানসিকভাবে ভেঙে দেয়। তিনি তাদের জ্ঞান দেওয়ার জন্যও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, যাতে তারা শুধু দেখানোর জন্য নয়, সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে বাঁচতে শেখে।
সুনেরাহ আরও লেখেন, সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না। তাই কোনো ‘মানুষরূপী বহুরূপীকে’ তাদের কাছাকাছি আসতে না দেওয়ার জন্য প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে সবার মন, নিয়ত ও কর্মের হিসাব সৃষ্টিকর্তার কাছে প্রকাশ্য বলেও উল্লেখ করেন। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তিনি কমেন্ট করার সুযোগ বন্ধ করে দেন। তবে এর আগেই অনেকে তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোয়া করেন।
এর কিছুক্ষণ পর নিজের আরও একটি ছবি প্রকাশ করেন সুনেরাহ। সমুদ্রের ধারে সন্ধ্যার ওই ছবিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। ছবিটি অভিনেতা খায়রুল বাসার তুলেছেন। ক্যাপশনে সুনেরাহ লেখেন, তিনি দিতে পছন্দ করেন এবং যে যা প্রাপ্য, তাকে তা-ই দেন। এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।