
ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন গ্রিন পার্টির নেতা মেরিন তন্দলিয়ে। তবে এবারের নির্বাচনী প্রচারে তাঁর বিশেষ পরিচয়—তিনি বর্তমানে প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা। ফ্রান্সের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো প্রার্থীর অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৩৯ বছর বয়সী তন্দলিয়ে গত মার্চের শেষ দিকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন। তখন তিনি প্রায় তিন মাসের গর্ভবতী ছিলেন।
তন্দলিয়ের জন্য এই সন্তান বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে তাঁর গর্ভপাত হয়েছিল এবং পরবর্তী সময়ে সহায়ক প্রজনন পদ্ধতি ও আইভিএফের মাধ্যমে কয়েকবার সন্তান নেওয়ার চেষ্টা করেও সফল হননি। একপর্যায়ে মা হওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে সন্তানটিকে ‘অলৌকিক শিশু’ হিসেবে উল্লেখ করেন তন্দলিয়ে। নির্বাচনী প্রচারের প্রস্তুতির সময় গর্ভবতী হওয়ার খবর পেয়ে তিনি বিস্মিত হলেও প্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে তাঁর কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছেন।
গর্ভাবস্থার কারণে নির্বাচনী কার্যক্রম থেকে সরে না গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তন্দলিয়ে। তিনি এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। গত জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাপপ্রবাহের মধ্যেও ফ্রান্সের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন তিনি। তাঁর প্রার্থিতা দেশটির রাজনীতিতে মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য ও বন্ধ্যত্বের মতো বিষয়গুলোকে নতুন করে আলোচনায় এনেছে। তন্দলিয়ে বামপন্থী ও গ্রিন পার্টিগুলোর মধ্যে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বামপন্থীরা শেষ পর্যন্ত কতজন প্রার্থী দেবে, তা এখনো স্পষ্ট নয়। ২০২৭ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।