August 25, 2026, 3:56 am
শিরোনাম :
পুরুষ দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল মাগুরার শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার নিজের ফলানো ওল কচু দিয়ে ফিউশন রান্নায় মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান সন্তান জন্মে ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার মেয়েদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ মদ খেয়ে’ টালমাটাল গোখরার ভিডিও ভাইরাল জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা ও বাস্তুচ্যুতির কালো দিবস অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ

অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে আসে পারিবারিক দ্বন্দ্বের তথ্য

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই শোবিজ অঙ্গনসহ পুরো দেশকে নাড়া দিয়েছিল অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ড। ২০২২ সালের ১৬ জানুয়ারি শুটিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর সেতুর কাছের একটি ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে পারিবারিক কলহ, সন্দেহ, হত্যাকাণ্ড ও আলামত গোপনের নানা তথ্য সামনে আসে।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি শিমুর। পরে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের নজরে এসে বড় পর্দায় অভিষেক হয় তার। ১৯৯৮ সালে ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। ক্যারিয়ারে প্রায় ২৫টি চলচ্চিত্র ও ৫০টির মতো নাটকে অভিনয় করেন। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘জামাই শ্বশুর’ ছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা। পরবর্তী সময়ে অনুষ্ঠান প্রযোজনা ও একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগে কাজ করেন তিনি। অভিনয়সূত্রে পরিচয়ের পর ২০০৪ সালে ব্যবসায়ী সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে তার বিয়ে হয়। গ্রিন রোডের বাসায় দুই সন্তানকে নিয়ে সংসার করছিলেন শিমু।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের আগে থেকেই দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। স্ত্রীকে নিয়ে নোবেলের সন্দেহ ও পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। করোনাকালীন অর্থনৈতিক চাপও পারিবারিক অশান্তি বাড়িয়েছিল বলে তদন্তে উঠে আসে। ১৬ জানুয়ারি সকালে শিমু শুটিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বলে জানানো হলেও নির্ধারিত স্থানে না পৌঁছালে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে তার বোন ফাতিমা নিশা কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন। একই ঘটনায় স্বামী নোবেলও থানায় যান।
পরদিন ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হযরতপুর সেতুর কাছের ঝোপে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে শিমুর ভাই শহিদুল ইসলাম মরদেহ শনাক্ত করেন। তদন্তে পুলিশ শিমু ও নোবেলের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির দিকেও নজর দেয়। গাড়িতে ব্লিচিং পাউডারের গন্ধ এবং নাইলনের দড়ি পাওয়ার বিষয়টি তদন্তকারীদের সন্দেহ বাড়ায়। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এসব আলামত বিশ্লেষণের পর নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের তদন্তে দাবি করা হয়, ১৬ জানুয়ারি সকালে পারিবারিক বিরোধের একপর্যায়ে শিমুকে হত্যা করা হয় এবং পরে আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দী করে কেরানীগঞ্জের নির্জন এলাকায় ফেলে রাখা হয়।
শিমু হত্যাকাণ্ড শুধু শোবিজ অঙ্গনেই নয়, সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্তে উঠে আসা পারিবারিক দ্বন্দ্ব, সন্দেহ এবং হত্যার অভিযোগ ঘটনাটিকে আরও আলোচিত করে তোলে।



ফেসবুক কর্নার