
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। তবে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ছড়িয়ে পড়া এই তথ্যকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন এবং ভুল তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় ইলিয়াস কাঞ্চনের পরিবারও তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছিল।
লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ভালো আছেন। তার মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটির কোনো ভিত্তি নেই। ফলে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই না করে শেয়ার না করার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বরেণ্য এই অভিনেতা বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি দেশে ফিরেছিলেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যেই তার দেশে ফেরার কথা জানা যায়। দেশে ফেরার পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ অনেকেই তার সঙ্গে দেখা করেন। ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সংশ্লিষ্টদের বক্তব্যে বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়া গেছে।