August 27, 2026, 8:22 am

নেপালে বন্যা ও পাহাড়ি ধসে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

অভয়নগর প্রতিবেদক

নতুন সিনেমার শুটিং করতে নেপালে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন ভারতীয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিব্বত সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় বন্যা ও পাহাড়ি ধসের কারণে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় ও শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে সেখানে আটকা পড়েছেন তিনি। গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান খরাজ। রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে নদীর পানি দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে রাস্তাঘাট ও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় শুটিং স্থগিত করা হয়।
দুর্যোগের কারণে ওই এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। তবে খরাজ মুখোপাধ্যায় ও তার সঙ্গে থাকা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। মুঠোফোনে নিজের পরিস্থিতির কথা জানিয়ে অভিনেতা বলেন, ২৬ আগস্ট তাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আটকা পড়েছেন। বর্তমানে কোনো ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সড়কপথে গোরখপুর হয়ে ২৮ আগস্ট দেশে ফেরার চেষ্টা করবেন বলে জানান তিনি। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপাতত নিরাপদ আশ্রয়েই অবস্থান করছেন শুটিং দলের সদস্যরা।
একই সিনেমার শুটিংয়ে অভিনেতা রজতাভ দত্তও নেপালে গিয়েছিলেন। তবে তার অংশের শুটিং আগেই শেষ হওয়ায় দুর্যোগ শুরু হওয়ার আগে তিনি নিরাপদে কলকাতায় ফিরতে সক্ষম হন। ‘শিকার’ সিনেমায় বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসও অভিনয় করছেন। এদিকে রাসুয়া জেলায় বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানির খবর পাওয়া গেছে। সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় উদ্ধার ও যোগাযোগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায় ও তার শুটিং টিম।



ফেসবুক কর্নার