August 27, 2026, 10:55 am

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করল নির্বাচন কমিশন

মোঃ ইসমাইল হোসেন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও দেশের নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে সংবিধান অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গত ২০ আগস্ট সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো নির্বাচন কমিশন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামনে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবিধানিক দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ও আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশনের সদস্যদের এ সৌজন্য সাক্ষাৎকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার