October 4, 2026, 11:50 pm

দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর মঠবাড়িয়ায় পানি সংকট পরিদর্শনে ইউএনও

জহির রায়হান, স্টাফ রিপোর্টার, পিরোজপুর

‘জাতীয় দৈনিক অভয়নগর’-এ মঠবাড়িয়া পৌরসভার পানি সরবরাহের অনিয়ম, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানির দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী। ‘কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর শুক্রবার (২৮ আগস্ট) সকালে তিনি পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে পানির পাইপে ছিদ্রসহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও সমস্যা চিহ্নিত করা হয়। দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ তাৎক্ষণিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সরেজমিন পরিদর্শনের সময় ইউএনও পৌরবাসী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে পানি সরবরাহের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটি দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ছিদ্রযুক্ত পাইপ মেরামত, পানির গুণগত মান নিশ্চিত করা এবং নিয়মিত পানি সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকটের পাশাপাশি ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী বলেন, ‘বিগত বছরগুলোতে কী হয়েছে, সেটা চিন্তা না করে আমরা নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। গ্রাহকরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান, সে বিষয়টি নিশ্চিত করতে চাই।’ তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রকৌশলীকে প্রয়োজনীয় প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা এখন প্রশাসনের আশ্বাসের বাস্তবায়ন এবং পৌরবাসীর জন্য নিয়মিত ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।



ফেসবুক কর্নার