
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের চন্দীদাশগাতী এলাকার বহুতী চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি অটোরিকশাচালক আশিক (৩৫)। এ ঘটনায় ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার (৩২) আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে চন্দীদাশগাতী এলাকার বহুতী চারা বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। আহত বিষ্ণ হালদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন তার চাচা। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।