August 30, 2026, 8:09 am

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকা মহানগরীর যানজট, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি অ্যাপ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্ববর্তী প্রতিবেদন পর্যালোচনা করে নতুন সুপারিশ দিতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বুয়েটকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগ পর্যন্ত ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প স্থান খুঁজে দেখতে বলা হয়েছে। ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজধানীর যানজট কমাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।



ফেসবুক কর্নার