জেলাভিত্তিক মন্ত্রীদের দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ইসমাইল হোসেন
Update Time :
Monday, August 31, 2026
/
30 Time View
/
Share
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জামায়াতে ইসলামীর বিভিন্ন আসনের ১১ সংসদ সদস্যের পক্ষে এ রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেন, ২০০১ সালে একই ধরনের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হলে তা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল এবং ওই মামলায় হাইকোর্ট এ ধরনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের মীর আহমেদ বিন কাশেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম বুলবুল, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাদ, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম, গাজীপুর-৪ আসনের সালাউদ্দিন এবং চট্টগ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম। আইনজীবীর ভাষ্য, রুলস অব বিজনেস, সংবিধান ও উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৬৪ জেলার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করা হয়। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে সমন্বয় জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন রিটের শুনানিতে আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা।