
‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলিংয়ের ঘটনায় অভিনেত্রী কিয়ারা আদভানির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি প্রশ্ন তুলেছেন, একজন অভিনেত্রী বিয়ে করেছেন কিংবা মা হয়েছেন বলেই কি তাঁর অভিনয়ের চরিত্র বা কাজের সুযোগ বদলে যেতে হবে?
স্বস্তিকার মতে, কোনো সিনেমা না দেখে শুধু একটি দৃশ্যের কথা শুনে একজন অভিনেত্রীকে বিচার করা সমাজের একটি গভীর সংকটের প্রকাশ। তাঁর বক্তব্য, একজন নারীর ব্যক্তিগত জীবন ও অভিনয়ের চরিত্রকে এক করে দেখা উচিত নয়। গল্পের প্রয়োজনে একজন অভিনেত্রীকে প্রেম, ঘনিষ্ঠতা কিংবা চুম্বনের মতো দৃশ্যে অভিনয় করতে হতে পারে। এতে তাঁর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব কিংবা পারিবারিক পরিচয়ের সঙ্গে অভিনয়কে মিলিয়ে বিচার করা সমীচীন নয়।
এদিকে ‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারার অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় নারী ও পুরুষ অভিনেতার ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডের প্রশ্নও সামনে এসেছে। একই ধরনের দৃশ্যে পুরুষ অভিনেতা প্রশংসা পেলেও নারী অভিনেত্রীকে তাঁর বিয়ে ও মাতৃত্বের বিষয় সামনে এনে সমালোচনা করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকা। তাঁর বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।