September 1, 2026, 6:07 am
শিরোনাম :

হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন ঋতাভরী

অভয়নগর প্রতিবেদক

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এ ধরনের পরিস্থিতিতে তিনি ভয় পেতেন। তবে এখন নিজের অবস্থান শক্ত হয়েছে এবং হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রস্তুত।

ঋতাভরী জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন নতুন এবং নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন। সেই সময়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি ভীত থাকতেন। বছরের পর বছর ধরে হয়রানিসংক্রান্ত কিছু আপত্তিকর বার্তা সংরক্ষণ করে রেখেছেন বলেও জানান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমকে কারও বিচার করার জায়গা হিসেবে ব্যবহার করতে চান না। বরং একটি কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সমাধান চান বলে উল্লেখ করেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে বাংলা চলচ্চিত্রশিল্পে নারীদের হয়রানি ও নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ঋতাভরী। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করে কেরালার হেমা কমিটির আদলে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। ঋতাভরীর দাবি, বর্তমান সরকারের কাছেও তিনি আনুষ্ঠানিকভাবে একই ধরনের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে এখনো একান্ত বৈঠক না হলেও পরবর্তী অগ্রগতি সম্পর্কে সবাইকে জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। 2009 সালে ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।



ফেসবুক কর্নার