September 3, 2026, 4:38 am

মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে নাটকের দৃশ্য

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের একটি ছবি ঘিরে নানা আলোচনা তৈরি হয়। ছবিটি দেখে অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করলেও এটি বাস্তব কোনো ঘটনার ছবি নয় বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, ছবিটি ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকের দৃশ্যের অংশ। নাটকটি সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনা ও চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা। গল্পে মামুনুর রশীদের চরিত্রটি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে পরিবারের অমতে ওই তরুণী তার কাছে চলে আসেন। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে শুরু করেন। তাদের কর্মকাণ্ডকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহল ও বিরক্তি তৈরি হয়। নাটকের গল্পের অংশ হিসেবেই দুজনের সুইমিংপুলের দৃশ্য ধারণ করা হয়। সেই দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, ছবিটি নাটকের একটি দৃশ্যের অংশ এবং পুরো বিষয়টি না জেনেই অনেকে মন্তব্য করেছেন। তিনি বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র ও ঘটনাকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়ার উদ্দেশ্যেই নাটকটি নির্মাণ করা হয়েছে। অভিনেতা মামুনুর রশীদও জানান, অনেক দিন পর ভিন্নধাঁচের গল্পে কাজ করেছেন তিনি। নাটকটিতে চারপাশের পরিচিত বিষয়গুলো গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, নাজনিন চুমকি, ফারজানা চুমকিসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং শেষ হয়েছে এবং শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।



ফেসবুক কর্নার