September 3, 2026, 4:40 am

অক্ষয়ের ছবিতে রুক্মিণী, বলিউডে নতুন যাত্রার গুঞ্জন

অভয়নগর প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বাংলা সিনেমায় তাঁর সর্বশেষ কাজ ‘হাঁটি হাঁটি পা পা’, যা গত বছর মুক্তি পায়। এরপর নতুন কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে। তবে বিভিন্ন সময় তাঁর নতুন কাজ নিয়ে নানা আলোচনা শোনা গেছে। বর্তমানে কলকাতার তুলনায় মুম্বাইয়ে বেশি সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এ কারণে বলিউডে স্থায়ীভাবে কাজ করার পরিকল্পনা করছেন—এমন গুঞ্জনও রয়েছে।
এর মধ্যেই রুক্মিণীর নতুন কাজ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘সমুক’-এ অভিনয় করতে পারেন রুক্মিণী। তবে সিনেমাটিতে তাঁর চরিত্রটি কী ধরনের হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এমনকি রুক্মিণীর অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।
রুক্মিণীর বলিউড যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। এর আগে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার অক্ষয় কুমারের সঙ্গে সম্ভাব্য জুটি নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, রুক্মিণীর অনুপস্থিতির মধ্যেই টালিউডে ব্যস্ত সময় পার করছেন তাঁর বিশেষ বন্ধু দেব। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিনেমার প্রচারণাতেও ব্যস্ত তিনি। সব মিলিয়ে রুক্মিণীর মুম্বাই-কেন্দ্রিক ব্যস্ততা ও অক্ষয়ের সিনেমায় সম্ভাব্য অভিনয় নিয়ে কৌতূহল বাড়ছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।



ফেসবুক কর্নার