
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে মঠপাড়ায় অভিযান চালান।
অভিযানকালে মঠপাড়ায় মো. মনিরুজ্জামানের বাড়ির সামনের পাকা সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠপাড়ার মৃত অবনি কুমার বিশ্বাসের ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. কাউছার আহমেদ (২১) এবং হিড়িমদিয়ার মো. জিয়ারুল রহমানের ছেলে মো. জিহাদ আলী (১৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই ভেড়ামারা থানার আওতাধীন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়ে আসছেন। পুলিশের পক্ষ থেকেও মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।