
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী রহমতপুর এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিওপিটি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন। দুর্গম ও পাহাড়ঘেরা সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর করতেই নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানবপাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে রহমতপুর বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিওপি চালুর ফলে ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও কার্যকর হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, রহমতপুর বিওপি চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি ও আভিযানিক সক্ষমতা বাড়বে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতায় বর্তমানে দুটি অপারেশনাল সিআইও ক্যাম্প, ১৩টি বিওপি ও দুটি চেকপোস্ট রয়েছে। ফটিকছড়ি উপজেলা সীমান্ত এলাকায় রহমতপুর ছাড়াও আন্ধারমানিক, পানুয়া, ছোট ফড়িংগা ও কয়লারমুখ বিওপি রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বিওপি চালুর ফলে দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়বে। একই সঙ্গে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির সক্ষমতা আরও শক্তিশালী হবে।