September 4, 2026, 4:39 am

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

রাকিবুল ইসলাম রাকিব

আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ট্রেনটিতে দায়িত্ব পালন করা চার রেলওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের আগে চলন্ত ট্রেনের ক্যান্টিন বগিতে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভুলবশত কুড়িগ্রামগামী ট্রেনটিতে ওঠেন ওই নারী। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে ট্রেনের ক্যান্টিন বগিতে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখানে দুই পুলিশ সদস্য ও ক্যান্টিন বয় তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ওই নারী ক্যান্টিন বগি থেকে বের হয়ে তার ছেলেকে ফোনে বিষয়টি জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয় এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বুধবার বিকেলে জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুই সদস্যের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযোগ রয়েছে বলে তিনি জানান। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত অন্যদের ভূমিকা এবং মামলায় করা অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা হবে।



ফেসবুক কর্নার