দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জ্বালানি সংকটকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানে সরকারের পক্ষ থেকে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংকট মোকাবিলায় মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান সরকারপ্রধান।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী স্বৈরাচারী শাসন ও অন্তর্বর্তী সরকারের আমলের বিভিন্ন সমস্যা নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন। তিনি বলেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি দীর্ঘদিন রাজপথে ছিল এবং দলটি কোনো গুপ্ত অবস্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি। তাঁর বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ভূমিকা নিয়েও সমালোচনা উঠে আসে।
তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারী শক্তি গোপনে অবস্থান করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, যারা গুপ্ত অবস্থানে থেকে স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা উচিত। এ সময় জনগণের কাছে দেওয়া বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে। মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।