September 6, 2026, 9:22 am

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন ফখরুল

মোঃ ইসমাইল হোসেন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফরকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন তিনি। দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাবেন। সফরসূচি অনুযায়ী, সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা জোরদার করেছে।



ফেসবুক কর্নার