বাবা-মায়ের আজীবন ভোগাধিকার রেখে সম্পত্তি দান, বিল পাস
Reporter Name
Update Time :
Sunday, September 6, 2026
/
19 Time View
/
Share
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলের অধিকার নিশ্চিত করার বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন বিধান অনুযায়ী, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ সন্তান বা নাতি-নাতনিকে, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন।
বিলে আরও বলা হয়েছে, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে ভোগাধিকার অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে। আইনমন্ত্রী জানান, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতি থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না। প্রস্তাবিত বিধানকে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং প্রচলিত দান, মুসলিম আইনের হেবা, অছিয়ত বা আইনস্বীকৃত অন্যান্য হস্তান্তর পদ্ধতিতে প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে।
তবে বিলটি নিয়ে সংসদে আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বিধানটি কোরআন-সুন্নাহর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। শফিকুর রহমান বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে এ বিষয়ে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জবাবে আইনমন্ত্রী বলেন, এ আইনের অধীনে সম্পত্তি হস্তান্তর করলে হেবা, অছিয়ত বা অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতে কোনো প্রভাব পড়বে না। অসহায় ও বয়স্ক বাবা-মায়ের পাশে থাকার সুযোগ নিশ্চিত করাই আইনের অন্যতম উদ্দেশ্য বলে তিনি জানান। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিলের ওপর ভোটের প্রক্রিয়া সম্পন্ন করেন এবং এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।