
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেন তিনি। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে এ বক্তব্য দেন ইউএনও। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। সেখানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে তানজিলা তাসনিম রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং ভূমিসংক্রান্ত কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন বলে উল্লেখ করে এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। এ ছাড়া রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন, হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার প্রদান এবং ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন ইউএনও। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তাঁর মতে, এ উদ্যোগ চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।
এর আগেও তানজিলা তাসনিমকে ঘিরে আলোচনা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তবে এবারের অনুষ্ঠানে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি ও সরকারি উদ্যোগের প্রশংসার পাশাপাশি মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।