
নারীদের নিয়ে অবমাননাকর, অশালীন বা মানহানিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তামিলনাড়ুতে তার রাজনৈতিক সাফল্যের পেছনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিজয় বলেন, রাজনৈতিক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কাউকে, বিশেষ করে নারীদের, হেয় বা অপমান করা উচিত নয়।
বিধানসভায় বক্তব্যের শেষদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের অধিকার হলেও কীভাবে সেই স্বাধীনতা ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সবাইকে সচেতন থাকা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুর রাজনৈতিক পরিসরে অশালীনতা ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রবণতা দেখা যাচ্ছে। নারীদের নিয়ে দ্ব্যর্থবোধক, অশালীন বা মানহানিকর মন্তব্য করা ব্যক্তিদের মানুষ লক্ষ্য করছে বলেও মন্তব্য করেন তিনি। বিজয় বলেন, পরিবারেও নারীরা মা, বোনসহ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তাই নারীদের সম্মান বজায় রেখে কথা বলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিজয় আরও বলেন, তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারীদের নিয়ে অশ্লীলতা বা মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। তার এই বক্তব্য এসেছে বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে অভিনেত্রী ত্রিশাকে নিয়ে কথিত পরোক্ষ অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠার কয়েক দিন পর। আগস্টে কাবেরী নিয়ে একটি প্রতিবাদ সভায় উদয়নিধির বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে ডিএমকের দাবি, বক্তব্যটি সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং উদয়নিধি অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। এ ঘটনায় পুলিশ তাকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর মাদ্রাজ হাইকোর্ট তাকে মুক্তির নির্দেশ দেন।