September 10, 2026, 2:53 pm

বাবার জানাজায় যাওয়ার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন ছেলে নুর আলম জিকু (৪৫)। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর কবরস্থানে বাবা জসিম উদ্দিন (৮০) ও ছেলে নুর আলম জিকুর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে মারা যান লালনগর এলাকার জসিম উদ্দিন। তাঁর ছেলে নুর আলম জিকু স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা মাগুড়ায় বসবাস করতেন। বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জিকু সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা ভায়রা ভাই গুরুতর আহত হলে তাঁকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর আলম জিকুর মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের আরোহী নুর আলম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত জিকুর সহোদর রুহুল আমিন ও কোবির হোসেন জানান, বাবার মৃত্যুর খবর পেয়েই জিকু দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে বাবার কাছে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বাবা-ছেলের একসঙ্গে জানাজা শেষে লালনগর কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন করা হয়।



ফেসবুক কর্নার