
খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং বেপরোয়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে করণীয় নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চার থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জাতীয় দৈনিক অভয়নগরের প্রতিনিধিরা। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খুলনা সদর, হরিণটানা, সোনাডাঙ্গা ও লবণচরা থানার ওসিদের সঙ্গে পর্যায়ক্রমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় দৈনিক অভয়নগরের চিফ ক্রাইম রিপোর্টার মো. হুমায়ুন কবির সাকিব, খুলনা বিভাগীয় প্রধান কাজী নুরুল ইসলাম এবং সিনিয়র স্টাফ রিপোর্টার রাইসুল ইসলাম সজল উপস্থিত ছিলেন। এ সময় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পদক্ষেপ ও করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন দৈনিক অভয়নগরের প্রতিনিধিরা।
সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট চার থানার ওসিদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ সংগ্রহের ক্ষেত্রে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে।