September 12, 2026, 5:44 pm

হোটেলে ডিবির অভিযানে ১২ জন নারী পুরুষ গ্রেপ্তার

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাজারের ডালিয়া মার্কেট এলাকায় অবস্থিত রাজ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্র জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।
গ্রেপ্তার পাঁচ পুরুষ হলেন—বেগমগঞ্জ উপজেলার শরীফপুর এলাকার আরমান হোসেন (২২), হাতিয়া উপজেলার চরকৈলাশ এলাকার নাছির উদ্দিন (৩২), সুখচর এলাকার মিজানুর রহমান (২২), সুধারাম থানার নেওয়াজপুর এলাকার মোজাম্মেল হোসেন (২০) এবং কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া এলাকার মো. রাকিব হোসেন (১৯)। পুলিশ জানিয়েছে, একই অভিযানে আরও সাত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা হোটেলটির একটি কক্ষে অসামাজিক কাজে জড়িত ছিলেন। অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধ দমনে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, চৌমুহনী বাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তবে এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা আইনগত কার্যক্রমের বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত জানা যাবে



ফেসবুক কর্নার