October 7, 2026, 3:19 pm

প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে ইসির আহ্বান

মোঃ ইসমাইল হোসেন

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে।
নির্বাচন কমিশন জানায়, পূর্বে নিবন্ধিত প্রবাসী ভোটারদের আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করতে হবে। সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পারা প্রবাসী ভোটারদেরও নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী ভোটাররা একই সময়ের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
ইসি জানিয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এই পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও সম্মতি প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রবাসী ভোটারকে আহ্বান জানিয়েছে কমিশন। ইসির মতে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটাররা আসন্ন উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।



ফেসবুক কর্নার