September 14, 2026, 4:11 am

বরিশালে ডিবির অভিযানে ‘গাঁজা মানিক’সহ আটক ৩

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী ‘গাঁজা মানিক’সহ তিনজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপপুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ। পুলিশ সূত্রে জানা যায়, পলাশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি বাড়ির দ্বিতীয় তলা থেকে নারিকেল গাছের সাহায্যে নিচে নেমে পালানোর চেষ্টা করেন।
পুলিশ জানায়, পরে পুরো এলাকা ঘেরাও করে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির পেছনের বিভিন্ন সরু গলি থেকে পুলিশের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযানে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার করা আলামতের ধরন ও পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, মাদকবিরোধী অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদক বিক্রি ও সেবনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা এবং অভিযানে উদ্ধার হওয়া আলামতের বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার