September 14, 2026, 4:57 am

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯৬

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১২ জন মাদকসেবী এবং অন্যান্য মামলায় আরও দুজন রয়েছেন। ফতুল্লা মডেল থানা থেকে ২২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার অভিযানে গ্রেপ্তার করা হয় ১৩ জনকে। তাঁদের মধ্যে ১০ জন মাদকসেবী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও তিনজন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন। সোনারগাঁ থানায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। তাঁদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন। রূপগঞ্জ থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদকসেবী এবং অন্যান্য অপরাধে জড়িত দুজন রয়েছেন। আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা ও ১৮০ বোতল বিয়ারসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজনসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩টি ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের হিসাব অনুযায়ী, পুরো অভিযানে ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সদস্যসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার