September 14, 2026, 4:51 am

এমপিও শিক্ষকরা নির্বাচনে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

মোঃ ইসমাইল হোসেন

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নির্ধারণ করে নির্বাচন কমিশন। তাই এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন ও নীতিমালা পর্যালোচনা করেই ইসি নির্ধারণ করবে।
মীর শাহে আলম বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে ইসি স্থানীয় সরকারসংক্রান্ত আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করবে। এরপর বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচন কমিশনের বলে জানান।



ফেসবুক কর্নার