September 14, 2026, 4:09 am

বিদেশি রাষ্ট্রের দালালদের ঠেকানোর আহ্বান স্পিকারের

ইসমাইল হোসেন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে নাগরিকদের সচেতন থাকতে হবে। বিদেশি রাষ্ট্রের স্বার্থে কাজ করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কাউকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া উচিত নয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, গত ১৭ বছর মানুষ অত্যাচার ও লুণ্ঠনের শিকার হয়েছে। সংশ্লিষ্টদের এখনো শাস্তি হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সরকার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। একই সঙ্গে তিনি ওই ধরনের রাজনৈতিক দলকে সমর্থন না করার আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সততা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। তাঁর দাবি, জিয়াউর রহমান অল্প সময় রাষ্ট্রক্ষমতায় থাকলেও মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত সম্পদের বিষয়ে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা সততার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম বিএনপির প্রতি মানুষের আস্থার অন্যতম কারণ। জনকল্যাণে কাজ করার যে আদর্শ তিনি রেখে গেছেন, বিএনপি সেই সুনাম ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন স্পিকার। তবে বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংসদের স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরপেক্ষতা বজায় রাখার জন্য তিনি দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং সংসদে দায়িত্ব পালনের সময় দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নেন না। তাঁর দাবি, সংসদের বিরোধী দলও এখন পর্যন্ত তাঁর নিরপেক্ষতা নিয়ে সন্তুষ্ট এবং এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সমাবেশে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবার সংসদ সদস্য, তিনবার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্পিকার নির্বাচিত হন।



ফেসবুক কর্নার