September 14, 2026, 4:09 am

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তা

অভয়নগর প্রতিবেদক

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে মঙ্গলবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচির স্থানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সড়কের ডিভাইডার, ঐতিহাসিক কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হচ্ছে। হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকাতেও চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপি কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে সর্বোচ্চ সতর্কতামূলক ডিউটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।



ফেসবুক কর্নার