September 14, 2026, 8:22 pm

মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমবে: মাহদী আমিন

মোঃ ইসমাইল হোসেন

শিল্প কারখানায় চলমান জ্বালানি সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। দীর্ঘদিনের নানা সংকটের কারণে শিল্প উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি সরবরাহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের চাহিদা বিবেচনায় অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে। আগের দুটি টার্মিনালসহ মোট পাঁচটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। তার মতে, এলএনজি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো গেলে শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করা সম্ভব হবে। বিদ্যুৎ খাতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভাসমান এলএনজি স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) ব্যবস্থার বাইরে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরির লক্ষ্য সরকারের।
মাহদী আমিন বলেন, অতীতে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিল্প খাতে জ্বালানি সংকট কমাতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রমে গতি ফিরবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তবে সংকট পুরোপুরি কাটাতে সরকারের ঘোষিত অবকাঠামোগত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও সরবরাহ ব্যবস্থার কার্যকর সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



ফেসবুক কর্নার