
সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের সব ইউনিয়ন পরিষদে মোট সাত ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রস্তাবিত সূচি অনুযায়ী ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ভোটগ্রহণ হতে পারে। এরপর আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং সর্বশেষ ২৭ মে সপ্তম ধাপের ভোট নেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে। চূড়ান্ত তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সর্বজনীন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। সংলাপে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধিবিধান এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।