September 14, 2026, 8:24 pm

চাঁদের পাশে উজ্জ্বল তারা, আকাশে মুগ্ধতা

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

লালমনিরহাটসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার আকাশে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেখা গেছে চাঁদের পাশে উজ্জ্বল একটি তারার দৃষ্টিনন্দন উপস্থিতি। বিকেলের শেষ আলো ফুরিয়ে সন্ধ্যা নামার পর উত্তরাঞ্চলের পরিষ্কার আকাশে চাঁদ ও উজ্জ্বল তারাটিকে কাছাকাছি অবস্থানে দেখা যায়। এমন দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। কেউ বাড়ির ছাদে, কেউ খোলা মাঠে আবার কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের এ সৌন্দর্য উপভোগ করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর নানা বয়সী মানুষকে কিছু সময়ের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, চাঁদের পাশে উজ্জ্বল তারার এমন কাছাকাছি অবস্থান সচরাচর চোখে পড়ে না। ফলে দৃশ্যটি মানুষের মধ্যে বাড়তি আগ্রহ ও বিস্ময় তৈরি করে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বিকেলের দিকেই বিষয়টি তাঁর নজরে আসে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাঁদের পাশের উজ্জ্বল তারাটিকে আরও স্পষ্ট দেখা যায়। তাঁর কাছে দৃশ্যটি খুবই সুন্দর লেগেছে। কুড়িগ্রামের পথচারী মো. তারেক হোসেন বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখেন অনেক মানুষ আকাশের দিকে তাকিয়ে আছেন। পরে নিজেও তাকিয়ে চাঁদের একেবারে কাছেই উজ্জ্বল তারাটিকে দেখতে পান। প্রতিদিন আকাশ দেখা হলেও এ দিনের দৃশ্যটি তাঁর কাছে আলাদা মনে হয়েছে।
স্থানীয় বাসিন্দা সামিয়া আক্তার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আকাশের ওই দৃশ্যের ছবি প্রকাশ করছিলেন। পরে বাইরে এসে নিজের চোখেও চাঁদের পাশে উজ্জ্বল তারাটিকে দেখেছেন। তাঁর কাছে দৃশ্যটি অসাধারণ সুন্দর লেগেছে। প্রকৃতির এমন দৃশ্য মানুষের মনকে প্রশান্ত করে বলেও জানান তিনি। সন্ধ্যার আকাশে চাঁদ ও উজ্জ্বল তারার এই নান্দনিক উপস্থিতি উত্তরাঞ্চলের মানুষের মধ্যে সাময়িক হলেও আনন্দ ও মুগ্ধতার আবেশ তৈরি করে। শহর কিংবা গ্রামের ব্যস্ততা ও কোলাহলের মধ্যেও অনেকে কিছু সময় আকাশের দিকে তাকিয়ে এ দৃশ্য উপভোগ করেন। দিনশেষে প্রকৃতির এমন সৌন্দর্য মানুষের দৈনন্দিন ব্যস্ততার মাঝে এনে দেয় একটুখানি প্রশান্তি।



ফেসবুক কর্নার