September 15, 2026, 9:23 am

কুষ্টিয়ায় পাটকাঠির পালা থেকে পিস্তল-গুলি উদ্ধার

মহসিন কবির ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মাঝপাড়া গ্রামে পাটকাঠির পালা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মাঝপাড়া বাদলা ঘাটপাড়া গ্রামের আমিরুল ইসলামের গোয়ালঘরের পেছনে থাকা পাটকাঠির পালা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে ইবি থানা পুলিশ আগের দিন রাতে আমিরুল ইসলামের বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। তবে ওই সময় তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আমিরুল ইসলাম বাড়ির পেছনে থাকা পাটকাঠির পালাটি বিক্রির উদ্দেশ্যে ভাঙতে শুরু করেন। এ সময় পাটকাঠির ভেতরে অস্ত্রসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। বিষয়টি তিনি দ্রুত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটকাঠির পালায় তল্লাশি চালায়। পরে সেখান থেকে একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পিস্তল ও গুলিগুলো সেখানে কে বা কারা রেখেছে এবং কতদিন ধরে সেগুলো সেখানে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদার বলেন, আগের রাতে ওই বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয়েছিল। পরবর্তীতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে পাটকাঠির পালা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামূনুর রশীদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার